গুজব রটনাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর
গুজব রটনাকারীদের বিরুদ্ধে সকলকেই সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো রটনাকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ বলেও মন্তব্য করেছেন তিনি।
বলেছেন, অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তি ফেসবুকে সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছেন।
তাই এ ধরনের পোস্ট শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মোস্তাফা জব্বার। একইসঙ্গে যারা এসব ছড়াচ্ছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতি গুরুত্ব দিয়েছেন।
মন্ত্রী বলেছেন, “সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে ফেসবুকে যে মুখরোচক বানোয়াট গল্প ছড়ানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ব্যক্তিগতভাবে আমি তার ও তাদের পরিবার সম্পর্কে জানি বলেই এমনটা বলেছি। গল্পটি ফেসবুকে অনেক লাইক-শেয়ার পেয়েছে। আমাদের চিন্তাভাবনা আর গুজব রটনাকারীদের পারিবারিক চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই তারা এ ধরনের গল্প পড়ে মজা পায়, আনন্দ পায়।”
তিনি আরও বলেন, ‘উনার (আবুল মাল আবদুল মুহিত) বাড়ি কিন্তু ধানমন্ডি না বনানীতে। তিনি কখনও ধানমন্ডিতে ছিলেনও না। তিনি বর্তমানে তার ছেলে ও পুত্রবধূসহ পুরো পরিবার নিয়ে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যভিনিউতে থাকেন। এর আগে তিনি গুলশান-২ নম্বরে বসবাস করতেন।”